হারমোনিওএস প্লাটফর্মে যুক্ত ৪০ লক্ষাধিক ডেভেলপার

১২ জুন, ২০২১ ১০:৫১  
হারমোনি অপারেটিং সিস্টেম প্লাটফর্মের উন্নয়নে ৪০ লাখের অধিক ডেভেলপার যুক্ত হয়েছেন। ইতিমধ্যে এইচএমএস কোর ব্যবহার করে এক লাখ ৩৪ হাজারের অধিক অ্যাপ প্রকাশ করা হয়েছে প্লাটফর্মটিতে। খবর জিএসএম এরিনা। এইচএমএস কোর ব্যবহার করে অ্যাপ তৈরি ত্বরান্বিত করতে হুয়াওয়ে এইচএমএস গ্লোবাল অ্যাপ্লিকেশন ইনোভেশন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ডেভেলপারদেরকে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) কোরভিত্তিক উদ্ভাবনীমূলক নতুন অ্যাপ তৈরিতে উৎসাহিত করা হচ্ছে। যেহেতু প্রতিযোগিতার নামটির উচ্চারণ কিছুটা কঠিন তাই এটি অ্যাপস আপ নামেই পরিচিত। এই প্রতিযোগিতায় চীন, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ডেভেলপাররা অংশগ্রহণ করতে পারবেন। আর পুরস্কার হিসেবে এক মিলিয়ন ডলারের পাশাপাশি বিপণন সহায়তা, ক্লাউড রিসোর্স, এইচএমএস কোর পেমেন্ট সিস্টেম ব্যবহারে প্রণোদনসহ বিভিন্ন পুরস্কার থাকছে। হুয়াওয়ে জানিয়েছে, হারমোনিওএস বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ইকোসিস্টেম। বর্তমানে এক কোটির অধিক হুয়াওয়ে ফোন ব্যবহারকারী প্লাটফর্মটির অ্যাপস ব্যবহার করতে পারছেন। ডিবিটেক/বিএমটি